ডেটাথন ৩.০ চ্যাম্পিয়ন এসিআই সার্ভার ডাউন

৩ জুন, ২০২৪ ২১:০৭  

দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন হাজারের বেশি তরুন ডেটা বিজ্ঞানীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ডেটাথন ৩.০ চ্যাম্পিয়ন হয়েছে টিম 'এসিআই সার্ভার ডাউন'। এই দলের সদস্যরা হলেন, সোহাম ইরতিজা (দরনেতা), তাহসিন ইসলাম, হাসান জহিরুল ইসলাম এবং সাবিবর হোসেন। প্রতিযোগিতায় তারা রবির ইন্টারনাল ডেটা বিশ্লষণ করে গ্রাহকের ইন্টারনেট প্যাকেজ, ডাটার পরিমাণ, ক্রয় পছন্দ এবং সিদ্ধান্ত গ্রহণ এবং অপারেটরটির জন্য ব্যবসায় প্রচারণার বিলবোর্ড সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে সক্ষম।

প্রথম রানার আপ হয়েছে টিম 'ইয়েলো কিং' এবং দ্বিতীয় রানার আপ হয়েছে টিম 'বিগ ডেটা এআই ডেটা সায়েন্স। মোবাইল অপারেটর রবি অজিয়েটার পক্ষ থেকে বিজয়ী তিন দল পেল ১০ লাখ টাকার পুরস্কার দেয়া হয়। বিজয়ী দলগুলোকে আরো ১০ লাখ টাকার গ্র্যান্ট দেয়ার ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো গালা নাইটে বিজয়ীদের নাম ঘোষণার আগে এই ঘোষণা দেন তিনি।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। এ সময় রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠিসহ সরকারি ও বেসরকারিখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক বিজয়ীদের নেটফ্লিক্স, গুগল ও ইউটিউবের মতো এআই নির্ভর ডাটা বিশ্লেষণ করার আহ্বান জানান।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সঠিক দিকনির্দেশনায় স্বল্প সম্পদের সর্বো‌চ্চ ব্যবহারের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচিয়ে আমরা করোনা মোকাবিলায় পৃথিবীর পঞ্চম সফল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলাম। বর্তমানে প্রায় ১২ কোটি হেলথ ডেটার পাশাপাশি এডুকেশন ডেটা, মোবাইল অপারেটরদের ডেটাগুলোকে আমরা যদি প্রসেসেবল করতে পারি, তাহলে সেখান থেকে নতুন নতুন স্টার্টআপ উপহার দিতে পারবো। দেশের মেধাবী ছেলেমেয়েদের মেধা এবং প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমাদের ডেটাগুলোকে যদি সেইফ-ক্লিন-প্রসেসেবল করতে পারি, তাহলে আমরা ডেটা-ড্রিভেন ডিসিশন মেকিং-এর ইকোসিস্টেম গড়ে তুলতে পারবো।

পলক আরো বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্সের জন্য প্রচুর পরিমাণে প্রসেসেবল ডেটার প্রয়োজন। সেজন্য ডেটার ক্ল্যাসিফিকেশন প্রয়োজন, যাতে করে ব্যক্তিগত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে না পড়ে। মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে আমরা প্রাইভেট ডেটা প্রটেকশন অ্যাক্ট খুব শীঘ্রই প্রণয়ণ করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে আমরা ডেটার ক্ল্যাসিফিকেশনের সাথে সাথে ব্যাক্তিগত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে পারি।

আইসিটি ডিভিশন থেকে আমরা স্টার্টআপ বাংলাদেশ লিঃ কোম্পানি স্থাপন করেছি। যেখান থেকে আমরা ৫০ টি কোম্পানিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছি; মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরও ৫০০ কোটি টাকা দিয়েছেন ইক্যুইটি ইনভেস্টমেন্টের জন্য। আগামী ৫ বছরের মধ্যে আরও ৫টি ইউনিকর্ণ প্রতিষ্ঠান এবং ২০৪১ সালের মধ্যে ৫০ টি ইউনিকর্ণ প্রতিষ্ঠান সারা বিশ্বকে উপহার দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ ভিশন অর্জনে আমাদের স্টার্টআপরাই হবে মূল চালিকাশক্তি।

অনুষ্ঠানে এসিআই সার্ভার ডাউন চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছে ৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার। প্রথম রানার আপ ইয়েলো কিং ৩ লাখ এবং দ্বিতীয় রানার আপ বিগ ডাটা এআই ডাটা সায়েন্স পেয়েছে ২ লাখ টাকার পুরস্কার।

প্রসঙ্গত, নানা ধাপে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২৩টি দলের ৯৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গত ২৪ ও ২৫ মে রবি করপোরেট অফিসে আয়োজিত ৪৮ ঘণ্টার ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে ডেটাথন ৩.০-এর বিজয়ী নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) রাজীব শেঠি বলেন, ‘ডেটাথনে অংশগ্রহণকারীদের প্রতিভা ও উদ্ভাবনী শক্তি দেখে আমরা অত্যন্ত আশান্বিত। এই আয়োজন বিভিন্ন সমস্যা সমাধানে ডেটা সায়েন্সের সম্ভাবনাকে তুলে ধরে এবং ভবিষ্যত মেধাবী ডেটা বিজ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে রবির প্রতিশ্রুতিকে আরো দৃঢ় করে। ডেটাথনে পাওয়া যুগান্তকারী উপায়গুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে-এটাই আমাদের প্রত্যাশা।’
রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে প্রতিযোগিতাটির 'পাওয়ারড বাই' সহযোগী অ্যামাজন ওয়েব সিরিজ। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড ও ডিজিটাল মিডিয়া পার্টনার এডিএ বাংলাদেশ। ইন্টিগ্রেশন পার্টনার হিসেবে অ্যাকজেনটেক পিএলসি ও ক্লাউড এক্সপার্টাইজ পার্টনার হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩।